হরমুজ প্রণালিতে ৩ জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে অন্তত তিনটি কনটেইনার জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। বুধবার (২২ এপ্রিল) এ ঘটনা ঘটে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর প্রতিক্রিয়া হিসেবে প্রথমে এবং পরে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারকারী জাহাজের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে।

ইউকেএমটিও জানায়, ওমানের উত্তর-পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে গুলিবর্ষণ ও রকেটচালিত গ্রেনেড হামলা চালানো হয়, এতে জাহাজটির ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়।

জাহাজটির ক্যাপ্টেন জানান, ইরানি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি গানবোট তাদের কাছে আসে এবং পরে গুলি চালায়। তবে এ ঘটনায় জাহাজে আগুন লাগেনি এবং পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। সব নাবিক নিরাপদ রয়েছেন।

সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই গানবোটে তিনজন আরোহী ছিলেন।

—জা.অর্থনীতি/জেআরটি