চুক্তি করার এটাই শেষ সুযোগ, না হলে পুরো ইরান উড়িয়ে দেবো: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য তেহরানকে ‘শেষ সুযোগ’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৯ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। তিনি জানিয়ে দিয়েছেন, এবার প্রস্তাবিত চুক্তিতে ইরান সই না করলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।

সাক্ষাৎকারে ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় বলেন, ইরান যদি এই চুক্তিতে স্বাক্ষর না করে, তবে পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে।

এর আগে নিজের ট্রুথ সোশ্যালে একই ধরনের হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, যদি তারা চুক্তি না করে, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ গুঁড়িয়ে দেবে। আর কোনো ভালো মানুষি দেখানো হবে না।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সমালোচনা করে ট্রাম্প জানান, তিনি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মতো ‘একই ভুল’ আর করবেন না। তিনি ওবামা আমলের সেই চুক্তিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সবচেয়ে বাজে চুক্তি’ হিসেবে অভিহিত করেন এবং দাবি করেন, ওবামা প্রশাসন ইরানের কাছে নতিস্বীকার করেছিল। ট্রাম্প বলেন, ‘আমি ওবামার মতো ভুল করব না।’

ট্রাম্প আরও বলেন, ‘এগুলো খুব দ্রুত ও সহজেই ধসে পড়বে। যদি তারা চুক্তি না মানে, তবে গত ৪৭ বছর ধরে অন্য প্রেসিডেন্টরা যা করতে পারেননি, তা করা আমার জন্য সম্মানের বিষয় হবে। ইরানের এই কিলিং মেশিন বা ধ্বংসাত্মক সত্তার সমাপ্তি ঘটানোর সময় এসেছে।’

জেএ/অভি