নিজস্ব প্রতিবেদক: রিয়েল এস্টেট খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম থেকে সহ-সভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই অঞ্চল থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন এ এস এম আব্দুল গাফফার মিয়াজী ও সারিন্ত বিনতে নূর।
এছাড়া চট্টগ্রাম রিজিওনাল কমিটির আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ এবং আশীষ রায় চৌধুরী।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে রাত ১টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফলাফলে প্রেসিডেন্ট পদে ড. মো. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুর রাজ্জাক বিজয়ী হয়েছেন।
নির্বাচনজুড়ে প্রার্থীদের সক্রিয় উপস্থিতি এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো প্রক্রিয়াকে প্রাণবন্ত করে তোলে।
নবনির্বাচিত নেতৃত্ব আবাসন খাতের সকল স্টেকহোল্ডার-ডেভেলপার, ক্রেতা, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সঙ্গে নিয়ে খাতটির উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
তাদের মতে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘদিনের নীতিগত জটিলতা, উচ্চ নিবন্ধন ব্যয়, ব্যাংক ঋণের সীমাবদ্ধতা এবং অনুমোদন প্রক্রিয়ার ধীরগতিসহ বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান সম্ভব হবে।
নতুন কমিটি চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের সঙ্গে নিয়ে ব্যবসাবান্ধব ও বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টি, আধুনিক নগরায়ন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।


