আবারও বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক: বলিউডে ফের খুশির খবর। বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন আবারও বাবা-মা হতে চলেছেন। রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের এই সুখবর দেন তারা। প্রথম সন্তান দুয়ার জন্মের দুই বছর পার না হতেই ভক্তদের এই সুখবর দিলেন দীপিকা-রণবীর। 

এদিন মেয়ে দুয়ার হাতে ধরা একটি গর্ভধারণ পরীক্ষার কীটের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেন ভারতীয় এই অভিনেত্রী। 

এদিকে, সম্প্রতি ‘ধুরন্ধর’-এর দুর্দান্ত সাফল্যের পর হঠাৎই রণবীর সিং ও দীপিকা পাডুকোনের সম্পর্ক নিয়ে বলিউডে ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুঞ্জন। তবে, সব জল্পনাকে থামিয়ে দিয়ে মেয়ে দুয়ার হাত ধরেই দিলেন এই অসাধারণ সুখবর। যদিও গত কয়েকদিন ধরেই দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবর ঘুরছিলো বি-টাউনে। 

অবশেষে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে সেই খবর নিশ্চিত করলেন তারা। শেয়ার করা ছবিতে দেখা যায়, ছোট্ট দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট, যেখানে নতুন অতিথি আসার ইঙ্গিত স্পষ্ট। 

প্রসঙ্গত, দীর্ঘ ১৪ বছরের প্রেমের পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে একান্ত আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর ও দীপিকা। ২০২৪ সালে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম সন্তান দুয়া। এবার সেই পরিবারেই যুক্ত হতে চলেছে আরও এক নতুন সদস্য। 

সোশ্যাল মিডিয়ায় দীপিকার পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। ভক্তদের পাশাপাশি বলিউডের তারকারাও শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন এই জনপ্রিয় তারকা দম্পতিকে। 

এই মুহূর্তে রণবীর-দীপিকা দুজনই কাজ নিয়ে যথেষ্ট ব্যস্ত। রণবীরের সাম্প্রতিক সিনেমা ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে সাফল্যের চূড়ায়। অন্যদিকে, দীপিকা অভিনয় করছেন শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায়। পাশাপাশি আল্লু অর্জুনের সঙ্গে নতুন একটি সিনেমাতেও দেখা যাবে তাঁকে। সব মিলিয়ে বলিউডে এই তারকা দম্পতির সময়টা বেশ ভালোই কাটছে। 

—জা. অর্থনীতি/এনএ