মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে ব্র্যাক সিডের উদ্যোগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ছবেদ টাওয়ারে এই সেমিনার আয়োজন করা হয়। এতে সাটুরিয়া ও সদর উপজেলার প্রায় ৮০ জন কৃষক অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শাহাজাহান সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশ দূষণ, মাটির উর্বরতা হ্রাস এবং জনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।
তিনি আরও জানান, এসব ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের কৃষি বিভাগের পাশাপাশি ব্র্যাকও নিরাপদ ও পরিবেশবান্ধব বায়োপেস্টিসাইড ব্যবহারে কৃষকদের সচেতন করতে কাজ করছে।
অনুষ্ঠানে জাহিদুল হক ও শরিফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. মতিউর রহমান এবং ব্র্যাক সিডের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিছুর রহমান।


