জার্মানির শোধনাগারে তেলের প্রবাহ বন্ধ করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানি জানিয়েছে, তাদের একটি অন্যতম প্রধান তেল শোধনাগারে পাইপলাইনের মাধ্যমে তেলের প্রবাহ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি রোসনেফ্ট তাদের জার্মান শাখার নিয়ন্ত্রক সংস্থাকে এই সংক্রান্ত একটি বার্তা দিয়েছে। মস্কোর এই সিদ্ধান্ত কার্যকর হলে আগামী ১ মে থেকে ওই শোধনাগারে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্তমানে কাজাখস্তান থেকে উত্তোলিত অপরিশোধিত তেল বিখ্যাত ‘দ্রুজবা’ পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে পরিবহন করা হয়। এই পাইপলাইনের একটি অংশ রাশিয়ার ভূখণ্ডের মধ্য দিয়ে বেলারুশ ও পোল্যান্ড হয়ে জার্মানিতে পৌঁছেছে, আর অন্য অংশটি ইউক্রেন হয়ে হাঙ্গেরিতে গেছে। বুধবার বার্লিনের জ্বালানিবিষয়ক মন্ত্রণালয় জানায়, রাশিয়া এই কৌশলগত পাইপলাইনটি বন্ধের প্রস্তুতি নিচ্ছে, যদিও মস্কোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

পোল্যান্ড সীমান্তের কাছে অবস্থিত জার্মানির পিসিকে (PCK) শোধনাগারটি দেশটির জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাজধানী বার্লিন এবং এর আশপাশের অঞ্চলের জ্বালানি চাহিদার একটি বড় অংশ এই শোধনাগার থেকেই মেটানো হয়। পাইপলাইন বন্ধের খবরটি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলেও জার্মানি সরকার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলে জানিয়েছে।

জার্মান সরকারের মুখপাত্র স্টিফান কর্নিলিয়াস এই বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছেন, দ্রুজবা পাইপলাইন বন্ধ করা হলেও শোধনাগারের সার্বিক কার্যক্রমে তেমন একটা বড় ধরনের প্রভাব পড়বে না। বার্লিন প্রশাসন বিকল্প উৎসের মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে রাশিয়ার এই আকস্মিক পদক্ষেপ ইউরোপের জ্বালানি বাজারে নতুন কোনো জটিলতা তৈরি করে কি না, তা নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

জেএ/অভি