বিনোদন প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনা আর কৌতূহল ছিল শোবিজ অঙ্গনের দুই তারকা রুমানা মোর্শেদ কনকচাঁপা এবং রুকাইয়া জাহান চমককে নিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশী হলেও শেষ পর্যন্ত তারা চূড়ান্ত তালিকায় স্থান পাননি। তবে মনোনয়ন না পেয়ে আক্ষেপের বদলে দেশ ও মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন এই দুই শিল্পী।
সংগীতশিল্পী কনকচাঁপা তার মনোনয়ন না পাওয়ার বিষয়টি নিয়ে দেশবাসীর উদ্দেশ একটি ‘খোলা চিঠি’ লিখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, যেকোনো পরিস্থিতিতে তিনি আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট। এর আগে সরাসরি জাতীয় নির্বাচনেও লড়াই করেছিলেন তিনি। এবার গ্রামের মানুষের প্রবল চাহিদায় সংরক্ষিত আসনে অংশ নিয়েছিলেন। দল তাকে মনোনয়ন না দিলেও তিনি বিচলিত নন। কনকচাঁপা বলেন, ‘জীবন তো এখানেই শেষ হয়ে গেল না। দল হয়তো ভেবেছে আমি সাদামাটা মানুষ, কিন্তু আমি জানি গান ছাড়াও এ দেশকে দেওয়ার মতো আমার অনেক কিছু বাকি আছে।’ দেশের সেবায় আমৃত্যু কাজ করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি সবার দোয়া চেয়েছেন।
অন্যদিকে, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক মনোনয়ন না পাওয়ায় তার পরাজয়কে উদযাপন করছেন বলে জানিয়েছেন। এক ফেসবুক লাইভে ভক্তদের উদ্দেশ তিনি বলেন, মনোনয়ন না পাওয়া নিয়ে তার কোনো আক্ষেপ নেই। যারা দীর্ঘ সময় ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তারাই সঠিক মূল্যায়ন পেয়েছেন বলে তিনি মনে করেন। সমালোচকদের উদ্দেশ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চমক বলেন, ‘তোমরা যারা মনে করছো ট্রল করে আমাকে বসিয়ে রাখবা, সেটা তোমাদের ভুল ধারণা। খেলা তো মাত্র শুরু হলো। আমি আরও দুইশবার ফেল করব, দুইশবার চেষ্টা করব।’
রাজনীতিতে একেবারে নতুন হওয়া সত্ত্বেও দলের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন চমক। আগামীতে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করে তিনি জানান, তার মূল লক্ষ্য কুষ্টিয়ার মানুষের সেবা করা এবং বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরা।
মনোনয়ন না জুটলেও এই দুই তারকার সাহসী ও ইতিবাচক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে। রাজনীতির মাঠে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে তারা স্পষ্ট করেছেন যে, সংসদ সদস্য হতে না পারলেও দেশ ও দশের কল্যাণে তাদের পথচলা থামবে না।

