নুসরাতের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ

বিনোদন ডেস্ক: টালিউড সিনেমার পর্দা থেকে রাজনীতির ময়দান—নুসরাত জাহানকে ঘিরে আলোচনার শেষ নেই। তৃণমূল কংগ্রেসের টিকিটে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে পা রাখা এই অভিনেত্রী এবার রেশন দুর্নীতি মামলার জট খুলতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নজরে পড়েছেন। বাংলাদেশে গম রপ্তানি ঘিরে তৈরি হওয়া অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি।

টিভি-নাইন বাংলার এক প্রতিবেদন অনুযায়ী, নুসরাত জাহান যখন বসিরহাটের সংসদ সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন, ঠিক সেই সময়েই বাংলাদেশে গম রপ্তানি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট সীমান্ত এলাকার জনপ্রতিনিধি হিসেবে গোটা প্রক্রিয়া সম্পর্কে তার কাছে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা ধারণা থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। মূলত এই মামলার বিষয়ে তার বক্তব্য নথিবদ্ধ করতেই তাকে তলব করা হয়েছে।

ইডির এই তলবের প্রেক্ষিতে নুসরাত সরাসরি কোনো মন্তব্য না করলেও একটি পাল্টা আবেদন জানিয়েছেন। তিনি কলকাতায় হাজিরা দেওয়ার পরিবর্তে দিল্লিতে হাজিরা দেওয়ার অনুমতি চেয়েছেন। কেন্দ্রীয় সংস্থা তার এই আবেদন মঞ্জুর করবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা বজায় রয়েছে।

বর্তমানে চলমান বিধানসভা নির্বাচনে নুসরাত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা না করলেও দলীয় কর্মকাণ্ডে তার সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি দলের হয়ে নির্বাচনি প্রচারেও তার অংশ নেওয়ার কথা রয়েছে। এর মাঝেই ইডির এই সমন তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে নতুন করে চাপ সৃষ্টি করল।

পেশাগত জীবনে নুসরাত এখন ব্যস্ত সময় পার করছেন নিজের ও যশ দাশগুপ্তর প্রযোজনা সংস্থা নিয়ে। ক্যারিয়ার, অভিনয় আর সংসার সামলানোর এই ব্যস্ততার মাঝে দুর্নীতির মামলায় জড়িয়ে পড়া এবং ইডির তলব—ভোটের আবহে নুসরাত পরবর্তীকালে কী পদক্ষেপ নেন, এখন সেটিই দেখার বিষয়।