জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার দ্বিতীয় দফায় পাকিস্তান সফর স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে।

হোয়াইট হাউসের এক প্রতিনিধি জানিয়েছে, নির্ধারিত পাকিস্তান সফরটি আপাতত হচ্ছে না। ভবিষ্যতে সরাসরি বৈঠক সংক্রান্ত বিষয়ে পরবর্তী সময়ে আপডেট দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সফরে ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা ছিল। তবে হোয়াইট হাউসের ভাষ্য, ইরান এখনো কোনো সুসংহত ও ঐক্যবদ্ধ প্রস্তাব উপস্থাপন করতে পারেনি। এ কারণেই সফরটি স্থগিত করা হয়েছে।

সফরের নতুন কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

এর আগে চলতি মাসের শুরুতে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চপর্যায়ের আলোচনার পর এই বৈঠকের পরিকল্পনা করা হয়। তবে সেই আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হওয়ায় কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

জেএ/অভি