পদত্যাগ করছেন টিম কুক, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

প্রযুক্তি ডেস্ক: দীর্ঘ ১৩ বছর অ্যাপলকে বৈশ্বিক প্রযুক্তির শীর্ষে রাখার পর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন টিম কুক। টিম কুকের উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন জন টার্নাস। অ্যাপলের পরিচালনা পর্ষদ ইতোমধ্যে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। স্টিভ জবসের উত্তরসূরি হিসেবে ২০১১ সালে দায়িত্ব নেওয়ার পর টিম কুক অ্যাপলকে ৩ ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত করেছিলেন। তার এই প্রস্থান অ্যাপলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে।

অ্যাপলের নতুন সিইও হিসেবে মনোনীত হওয়া জন টার্নাস প্রতিষ্ঠানের ভেতরে অত্যন্ত পরিচিত এবং বিশ্বস্ত এক মুখ। ২০০১ সালে অ্যাপলের প্রোডাক্ট ডিজাইন টিমে যোগদানের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। বর্তমানে তিনি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুকের মতো জনপ্রিয় পণ্যগুলোর নকশা ও কারিগরি উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে অ্যাপলের নিজস্ব ‘এম-সিরিজ’ চিপসেটে রূপান্তরের প্রক্রিয়াটি টার্নাসের নেতৃত্বেই সফলভাবে সম্পন্ন হয়েছিল। তার শান্ত স্বভাব এবং প্রখর কারিগরি জ্ঞানের কারণে টিম কুক নিজেই তাকে নিজের উত্তরসূরি হিসেবে পছন্দ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টিম কুকের নেতৃত্বে অ্যাপল কেবল একটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান থেকে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডে পরিণত হয়েছে। তার আমলে অ্যাপল ওয়াচ, এয়ারপডস এবং ভিশন প্রো-র মতো উদ্ভাবন বাজারে এসেছে। তবে কুক এখনই প্রতিষ্ঠান থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না; তিনি অ্যাপলের পরিচালনা পর্ষদের নির্বাহী চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, কুকের এই সিদ্ধান্ত পরিকল্পিত এবং টার্নাসকে দীর্ঘ সময় ধরে এই পদের জন্য প্রস্তুত করা হয়েছে।

জন টার্নাস এমন এক সময়ে দায়িত্ব নিচ্ছেন যখন অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফোল্ডেবল ডিভাইসের মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। টেকক্রাঞ্চের বিশ্লেষণে বলা হয়েছে, টার্নাসের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড অ্যাপলকে হার্ডওয়্যার ও সফটওয়্যারের আরও নিবিড় সমন্বয়ে সাহায্য করবে। বিনিয়োগকারীরা এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছেন, কারণ টার্নাস অ্যাপলের নিজস্ব সংস্কৃতি ও কর্মপদ্ধতি সম্পর্কে দীর্ঘ ২৫ বছর ধরে অবগত।

টিম কুকের বিদায় অ্যাপলের জন্য এক বড় পরীক্ষা হলেও জন টার্নাসের ওপর আস্থা রাখছে সিলিকন ভ্যালি। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে টার্নাসের নেতৃত্বে অ্যাপল তাদের উদ্ভাবনের ধারা কতটা বজায় রাখতে পারে, সেটিই এখন দেখার বিষয়। ২০ মে থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব বুঝে নেবেন টার্নাস। বিশ্বজুড়ে কোটি কোটি অ্যাপল ভক্ত এবং বিনিয়োগকারীরা এখন এই নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে আছেন।

—জা.অর্থনীতি/এফআর