পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ কাল

আন্তর্জাতিক ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজ্যের ১৬টি জেলার মোট ১৫২টি আসনে একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফার নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেখানে মূলত শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দফার জন্য মোট ৪৪ হাজার ৩৭৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার সহায়ক বুথ এবং ৫ হাজার ৪৪৪টি বুথ সম্পূর্ণভাবে নারী ভোটকর্মীদের দ্বারা পরিচালিত হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১ লাখ ৭৭ হাজার ভোটকর্মী সরাসরি দায়িত্ব পালন করছেন। বুধবার সকাল থেকেই প্রিসাইডিং অফিসারসহ ভোটকর্মীরা ডিস্ট্রিবিউশন সেন্টার (ডিসিআরসি) থেকে ইভিএম, ভিভিপ্যাটসহ যাবতীয় নির্বাচনি সরঞ্জাম সংগ্রহ করে নির্দিষ্ট বুথে পৌঁছে গেছেন।

শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিং এবং সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে, যা সরাসরি কন্ট্রোল রুম থেকে তদারকি করা হবে। এছাড়া ৮ হাজারের বেশি স্পর্শকাতর বুথ এবং অতীতে অশান্তির রেকর্ড থাকা ২০০টির বেশি এলাকা বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় ২ হাজার ১৯৩টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) এবং পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে।

প্রথম দফার নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লাখ, যার মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লাখ এবং নারী ভোটারের সংখ্যা ১ কোটি ৭৫ লাখ। এ দফায় ১ হাজার ৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে সর্বোচ্চ সংখ্যক ১৫ জন করে প্রার্থী লড়ছেন। ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশের জন্য সচিত্র পরিচয়পত্র বা কমিশনের অনুমোদিত বিকল্প পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। প্রথমে নিরাপত্তা বাহিনী এবং পরে বুথ কর্মকর্তারা পরিচয় যাচাইয়ের পর ভোটারদের প্রবেশাধিকার দেবেন।

পশ্চিমবঙ্গের এই নির্বাচনের সমান্তরালে আগামীকাল দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর ২৩৪টি আসনেও একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে ৫ কোটি ৭৩ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পশ্চিমবঙ্গে প্রথম দফার এই নির্বাচনের পর দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল, যেখানে বাকি ১৪২টি আসনে ভোট নেওয়া হবে। এই দফার ফলাফল রাজ্যের রাজনৈতিক ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেএ/অভি