জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা ও বাজার স্থিতিশীল রাখতে সারাদেশে মোবাইল কোর্টের অভিযান জোরদার করেছে প্রশাসন। এর অংশ হিসেবে ২১ এপ্রিল একদিনেই ৩০৩টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ৬৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ৩ লাখ ৪৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়। মোট ৯ হাজার ২৪৪ লিটার জ্বালানির মধ্যে রয়েছে ৪,০৯৪ লিটার ডিজেল, ৪১৫ লিটার অকটেন এবং ৪,৭৩৫ লিটার পেট্রোল।
৩ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে মোট ১১ হাজার ১৯৭টি অভিযান পরিচালিত হয়েছে। এই সময় ৪ হাজার ৫৩টি মামলা দায়ের করা হয় এবং ১ কোটি ৮০ লাখ ৯৬ হাজার ১১৫ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। পাশাপাশি ৫৪ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দীর্ঘ এই অভিযানে উদ্ধার হয়েছে মোট ৫ লাখ ৭৬ হাজার ৯৯৩ লিটার অবৈধভাবে মজুদকৃত জ্বালানি। এর মধ্যে ৩ লাখ ৯০ হাজার ২০৯ লিটার ডিজেল, ৪০ হাজার ৮৪৬ লিটার অকটেন, ৯৭ হাজার ৪৩৮ লিটার পেট্রোল এবং ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল রয়েছে।
—জা.অর্থনীতি/জেআরটি

