বিদ্যুৎ সংকটে  বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় আকস্মিক জটিলতার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা ও দাপ্তরিক কাজ স্থগিত থাকবে। তবে বিশেষ বিবেচনায় ২৩ এপ্রিল কেবল ভর্তি সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে আগামী ২৬ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় পুনরায় নিয়মিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ন্যাশনাল গ্রিড ও নিজস্ব পাওয়ার প্লান্টের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়সহ একটি মেডিকেল কলেজ হাসপাতাল, নার্সিং কলেজ ও ল্যাবরেটরি স্কুল পরিচালিত হয়। বর্তমানে চলমান তীব্র তাপপ্রবাহ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে হাসপাতালের জরুরি চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনায়েতপুরসহ তাঁত শিল্প সমৃদ্ধ এই অঞ্চলে বর্তমানে বিদ্যুতের ভয়াবহ সংকট বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত এবং কোনো এলাকায় টানা এক ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না। বিদ্যুতের এই চরম সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আবাসিক ছাত্র ও ছাত্রী হলগুলোও বর্তমানে বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশনায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মিজানুর রহমান এই স্থগিতাদেশ জারি করেছেন। বিশ্ববিদ্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, যদি আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি না হয়, তবে এই ছুটির মেয়াদ আরও বাড়ানো হতে পারে। মূলত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালের কার্যক্রম সচল রাখতেই শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে কোরবানি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জেএ/অভি