পবিত্র রমজান মাস শেষ হলে মুসলমানদের জীবনে আসে এক মহিমান্বিত দিন— ঈদুল ফিতর। এটি সেই দিন, যখন এক মাসের সিয়াম সাধনা, তারাবির নামাজ, কোরআন তিলাওয়াত, ইতেকাফ এবং নানা ইবাদতের পর মুসলমানরা আল্লাহর বিশেষ রহমত ও অনুগ্রহের আনন্দে উদযাপন করে ঈদ।
ইসলামের আগমনের আগে আরবদের কিছু উৎসব ছিল, যা মূলত খেলাধুলা ও বিনোদনের দিন হিসেবে পালিত হতো। কিন্তু মহানবী হজরত মুহাম্মদ (সা.) মদিনায় আগমনের পর আল্লাহ মুসলমানদের জন্য সেইসব দিনের পরিবর্তে দুটি মহিমান্বিত দিন নির্ধারণ করেন— ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তাই ইসলামের ঈদ কোনো জাহেলি সংস্কৃতি বা কুসংস্কারের অংশ নয়; বরং এটি একটি আল্লাহপ্রদত্ত ধর্মীয় বিধান, যেখানে মুসলমানরা একত্র হয়ে আল্লাহকে স্মরণ করে, তাঁর শুকরিয়া আদায় করে এবং পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করে।
ঈদুল ফিতর উদযাপিত হয় প্রতি বছর শাওয়াল মাসের প্রথম দিনে। এই দিনটিকে ‘ঈদুল ফিতর’বলা হয় কারণ মুসলমানরা এক মাসের রোজা রাখার পর এ দিন রোজা ভঙ্গ করে। অনেক আলেম এই দিনকে ‘পুরস্কারের দিন’হিসেবেও উল্লেখ করেছেন। কারণ রমজান মাসে যারা নিষ্ঠার সঙ্গে রোজা ও ইবাদত পালন করেছেন, আল্লাহ তাদের এই দিনে বিশেষ পুরস্কার ও রহমত দান করেন।
আল্লাহ কোরআনে বলেন, ‘বলুন, আল্লাহর অনুগ্রহ ও তার রহমতের কারণে তোমরা আনন্দিত হও; এটি তোমরা যা সঞ্চয় করো তার চেয়ে উত্তম।’ (সুরা ইউনুস: ৫৮) এই আয়াত আমাদের শেখায় যে, প্রকৃত আনন্দ হলো ঈমান, হেদায়েত এবং আল্লাহর অনুগ্রহ লাভ করা।
ঈদের আনন্দ হলো এক বিশেষ আধ্যাত্মিক আনন্দ— ইবাদতকারী বান্দার আনন্দ, দীর্ঘ এক মাসের রোজা শেষে তার ইফতারের আনন্দ, এবং আল্লাহর ক্ষমা ও রহমত লাভের আনন্দ। মহানবী (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে—একটি ইফতারের সময়, আরেকটি তার রবের সঙ্গে সাক্ষাতের সময় ‘ (সহিহ মুসলিম)
ঈদুল ফিতরের কিছু গুরুত্বপূর্ণ সুন্নত ও আদব রয়েছে, যা মুসলমানদের অনুশীলন করা উচিত। এর মধ্যে অন্যতম হলো তাকবির পাঠ করা। রমজানের শেষ দিনের সূর্যাস্ত থেকে শুরু করে ঈদের নামাজ পর্যন্ত আল্লাহর মহিমা ঘোষণা করে তাকবির বলা সুন্নত।
এছাড়া ঈদের দিন গোসল করা, পরিষ্কার ও সুন্দর পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা উত্তম। এটি আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায়। ঈদের নামাজে যাওয়ার আগে কিছু খাওয়া— বিশেষ করে খেজুর খাওয়া— সুন্নত।
ঈদের নামাজ দুই রাকাত, যা সাধারণত খোলা ময়দান বা বড় মসজিদে জামাতে আদায় করা হয়। বাংলাদেশে অনেক স্থানে ঈদের বড় জামাত ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলমানরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন এবং বলেন—‘ঈদ মোবারক’বা ‘তাকাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম’(আল্লাহ আমাদের ও আপনাদের আমল কবুল করুন)।
ঈদ হলো আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করারও একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই দিনে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, বড়দের সালাম করা, ছোটদের ভালোবাসা দেওয়া এবং পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা ইসলামের সুন্দর সংস্কৃতির অংশ।
ঈদুল ফিতরের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ফিতরা বা সদকাতুল ফিতর প্রদান করা। এটি ঈদের আগে গরিব ও অসহায় মানুষের জন্য দান করা হয়, যাতে তারাও ঈদের আনন্দে অংশ নিতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এটি রোজাদারের জন্য পবিত্রতা এবং দরিদ্রদের জন্য খাদ্যের ব্যবস্থা। (ইবনে মাজাহ)
তবে ঈদের আনন্দ যেন অপচয়, অশালীনতা বা অনৈতিক কাজের দিকে না যায়, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। ইসলাম আনন্দকে স্বাগত জানায়, কিন্তু সেই আনন্দ হতে হবে সংযমী, শালীন এবং আল্লাহ ভীতির সীমার মধ্যে।
সবশেষে বলা যায়, ঈদুল ফিতর শুধু আনন্দের দিন নয়; এটি একটি মহান আধ্যাত্মিক শিক্ষা। এই দিনে আমরা শিখি কৃতজ্ঞতা, দানশীলতা, ভ্রাতৃত্ব এবং মানবিকতার মূল্যবোধ। মুসলমানরা যখন একসঙ্গে নামাজ আদায় করে, পরস্পেরকে শুভেচ্ছা জানায় এবং দরিদ্রদের সাহায্য করে— তখন ঈদের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়।
দয়াময় আল্লাহ আমাদের সবার রোজা, ইবাদত ও নেক আমল কবুল করুন। ঈদ মোবারক।
শাহেদ হারুন
ইসলামি গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক


