ঢাকায় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরার কোনাপাড়ায় লিফট বসানোর জন্য রাখা ফাঁকা জায়গায় পড়ে হালিমা কায়সার বকুল (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত হালিমা ওই ভবনের চতুর্থ তলায় বসবাস করতেন।

নিহতের ছেলে বাপ্পি জানান, রোববার (২২ মার্চ) রাতে তার মা বাড়ির ছাদ থেকে নিচে নামার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে ডেমরা থানাকে অবহিত করা হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে