দেশ ও দেশের মানুষের ব্যাপারে আমাদের মতপার্থক্য নেই: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশ ও দেশের মানুষের ব্যাপারে আমাদের কোনও মতপার্থক্য নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি এই বিষয়ে বিরোধীদলের সঙ্গে আলোচনা করতে সব সময় রাজি।

বুধবার (২২ এপ্রিল) রাতে সংসদ অধিবেশনে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি তেলের সমস্যা শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্ব জুড়ে। সরকার যথাযথভাবে জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে বিরোধীদল গ্রহণযোগ্য কোনও প্রস্তাব দিলে গ্রহণ করতে সরকারের আপত্তি নেই। বিরোধীদলের সঙ্গে আলোচনায়ও প্রস্তুত।

তিনি বলেন, এই সংসদ বহু শহীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত। এই সংসদ দেশের মানুষের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায় সেই আশা আকাঙ্ক্ষার ওপর প্রতিষ্ঠিত। 

প্রধানমন্ত্রী আরও বলেন, সংসদে আমরা যে যেখানেই বসি না কেন বাংলাদেশের মানুষ আমাদের এখানে পাঠিয়েছেন তাদের স্বার্থ দেখার জন্য। সে কারণে সংসদে যে আলোচনা করলে দেশের মানুষের স্বার্থ রক্ষা হবে আমরা সেই কাজ করব। 

আমি বিরোধীদলীয় নেতা, সংসদ সদস্যদের আজকের জ্বালানি তেল নিয়ে আলোচনা উপস্থাপন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

—জা.অর্থনীতি/জেআরটি