জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টায় শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে । এতে সভাপতিত্ব করছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

জাতীয় সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হয়। সংসদের জন্য এ কমিটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে এ কমিটিকে। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে-তা যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এএইচএ