পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো (পে স্কেল) বাস্তবায়ন বিষয়ে উচ্চ পর্যায়ের দিকনির্দেশনা পেতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) দুপুরে এ বৈঠক হয়। বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।

এছাড়া মন্ত্রিপরিষদসচিব ড. নাসিমুল গনি, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা  ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকদের বলেন, ‘সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো যে প্রক্রিয়ায় যাওয়ার কথা, সেই প্রক্রিয়া অনুযায়ী-ই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকার কাজ করছে।’

এ সংক্রান্ত সচিব কমিটি আছে জানিয়ে তিনি বলেন, ‘এ কমিটি পর্যালোচনার কাজ করবে। সেই অনুযায়ী সুপারিশ দেবে এবং সুপারিশ দিলে সেই অনুযায়ী ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারিত হবে।’

তিনি আরও বলেন, ‘পে-স্কেলের মূল কাজ সচিব কমিটি করবে। যেকোনো পে-স্কেল যখন দেওয়া হয়, পে-কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর কাজ করে সচিব কমিটি। সচিব কমিটি পদ্ধতিগত আলোকে কাজ শুরু করবে, তারপর সচিব কমিটি সুপারিশ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

—জা.অর্থনীতি/এনজে