আন্তর্জান্তিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর কখনও আগের অবস্থায় ফিরবে না বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী। পারস্য উপসাগরে নতুন নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানি বাহিনী তাদের অপারেশনাল প্রস্তুতি চূড়ান্ত করছে বলেও জানিয়েছে তারা।
রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী কমান্ড জানায়, কৌশলগত কারণে হরমুজ প্রণালিতে বিস্তর পরিবর্তন এসেছে। প্রণালিটি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য।
ইরান একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলছে। এ পরিকল্পনা অনুযায়ী, উপসাগরীয় দেশগুলোই পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করবে। গুরুত্বপূর্ণ এ আন্তর্জাতিক নৌপথে বিদেশি প্রভাব বা আধিপত্যের যুগ শেষ বলেও উল্লেখ করা হয়।
এদিকে হরমুজ প্রণালি খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন।
ইরান ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে দেশটি ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার’ হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট।
রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন।
তবে যুক্তরাষ্ট্রের এসব হুমকির পরও নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান। বৈশ্বিক তেল ও জ্বালানি পরিবহনের গুরত্বপূর্ণ হরমুজ প্রণালিতে এখনও কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে দেশটি।
—জা. অর্থনীতি/এনজে


