টালিউডের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে ডাকা টালিউডের অনির্দিষ্টকালের কর্মবিরতি অবশেষে প্রত্যাহার করেছেন শিল্পী ও কলাকুশলীরা। প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সাথে কাজ না করার সিদ্ধান্তে তুলে নেওয়া হয় এ কর্মবিরতি। 

গতকাল মঙ্গলবার (৭ ) টেকনিশিয়ান স্টুডিওতে দিনভর দফায় দফায় বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল থেকেই টলিপাড়ায় দফায় দফায় আলোচনা চলে, যেখানে একমত হন শিল্পী ও টেকনিশিয়ানরা—নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ নয়। 

এ প্রসঙ্গে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, আগামীকাল থেকে আর কোনো কর্মবিরতি থাকছে না। তবে, যতোদিন না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত হয় এবং সত্য সামনে আসে ততোদিন ওই সংস্থাকে ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ রাখা হবে। 

প্রসেনজিৎ আরও বলেন, আজকে টেলিভিশন ও বাংলা সিনেমার প্রযোজকদের সঙ্গে নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ২৫ বছর মানুষ মনে রাখবে। এখানে আমাদের কারোর কোনো ক্রেডিট নেই। একজনেরই ক্রেডিট এখানে, যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে সে চোখ খুলে দিয়ে গেছে। ওর জন্যই আজ এতোজন কলাকুশলী, শিল্পী সবাই একসঙ্গে। 

এদিকে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর বন্ধ হয়ে গেছে ম্যাজিক মোমেন্টসের ‘ভোলে বাবা পার কারেগা’ সিরিয়াল। তবে, ‘চিরসখা’ সিরিয়াল চলমান থাকলেও আপাতত এর শুটিং বন্ধ রয়েছে। 

জানা গেছে, ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার পাশাপাশি লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় যে সব সিরিয়ালের সঙ্গে যুক্ত রয়েছেন সেগুলোতে আপাতত আর কাজ করতে চাইছেন না শিল্পী বা টেকনিশিয়ানরা। 

উল্লেখ্য, টেকনিশিয়ান স্টুডিওর আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রয়াত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, শ্রীলেখা মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী, রাহুল মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, পিয়া সেনগুপ্ত মতো তারকারা। 

—জা. অর্থনীতি/এনএ