দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। নাটক, বিজ্ঞাপন ও উপস্থাপনায় সমান তালে কাজ কারার সঙ্গে করছেন লেখালেখিও। এবার চিরচেনা রূপ পাল্টে এক অন্য এক লুকে ধরা দিলেন তিনি। মাথায় কাঁচাপাকা চুল, পরনে সাধারণ পোশাক—এই নতুন লুকে তিনি শুধু ভক্তদের চমকই দেননি, বরং নিজের শিল্পীসত্তার গভীরতা আরও একবার জানান দিলেন।
বুধবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বারান্দায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে নবীন শিল্পীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিমগ্নচিত্তে মুখোশে রং মেলাতে দেখা গেছে তাকে।
১৯৯৮ সালে এই চারুকলা ইনস্টিটিউট থেকেই এমএফএ সম্পন্ন করা বিপাশা যেন নিজ ক্যাম্পাসের আঙিনায় ফিরে ফিরে পাচ্ছিলেন হারানো শৈশব। এদিন ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে নিজ ক্যাম্পাসের আঙিনায় তাকে বেশ সাবলীল ও আনন্দমুখর দেখা গেছে।
২০১৯ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে প্রবাস বসবাস করে আসছেন। তবে, সুযোগ পেলেই দেশে ফেরেন। দেশে ফিরলেও এতোদিন ক্যামেরা এড়িয়ে চলেছেন। তবে, তার এবারের ফেরাটা ভিন্নমাত্রা যোগ করেছে।
সম্প্রতি প্রায় সাত বছর পর তিনি আবারও ক্যামেরার সামনে আসেন এবং অভিনয় থেকে দূরে থাকার কারণ তুলে ধরেন। অভিনয় থেকে দূরে থাকলেও নিয়মিত ছবি আঁকছেন এবং দেশ-বিদেশে বিভিন্ন প্রদর্শনীতেও অংশ নিচ্ছেন।
সম্প্রতি বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে-এর একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের না-বলা অনেক কথা বলেন।
পডকাস্টে বিপাশা জানান, তিনি অভিনয় থেকে বিদায় নেননি। ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন।
তার মতে, শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবে ঘাম ঝরানো কোনো চরিত্র করতে চাই। ‘বনলতা এক্সপ্রেসে’ সেই সুযোগটি কম ছিল। আমি খুব সেজেগুজে কাজ করতে পছন্দ করি না। আমি সেই মানুষগুলোর কথা বলতে চাই, যারা বেদনার্ত ও অনেক কষ্টে আছে।
অভিনয় থেকে সাময়িক দূরে থাকলেও তুলি আর কাগজ থেকে দূরে নেই তিনি। নিয়মিত ছবি আঁকছেন এবং দেশ-বিদেশে তার চিত্রপ্রদর্শনী প্রশংসিত হচ্ছে। গত বছর রাজধানীর গ্যালারি চিত্রক-এ তার একক চিত্রপ্রদর্শনী ‘প্রস্তরকাল’ ব্যাপক সমাদৃত হয়েছিল। চারুকলার আঙিনায় তার এই উপস্থিতি আবারও প্রমাণ করলো, অভিনয়ের চেয়েও তার শিল্পীসত্তা এখন ঢের বেশি সক্রিয়।
—জা. অর্থনীতি/এনএ


