সাতক্ষীরা ও খাগড়াছড়ি প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ও খাগড়াছড়ির রামগড়ে পুকুরে ডুবে উর্মি খাতুন (৬) ও মো. তানভীর হোসেন (২) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বামনখালি বাজার সংলগ্ন একটি পুকুরে ডুবে উর্মি খাতুনের (৬) মৃত্যু হয়।
উর্মি খাতুন খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাটিপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উর্মি খাতুন তার বাবা-মায়ের সাথে কলারোয়া উপজেলার বামনখালী বাজারে বসবাস করতো। বাবা-মা দুজনেই দিনমজুরের কাজ করেন। সকালে উর্মি অপর দুই শিশুর সাথে পুকুর পাড়ে খেলা করার সময় সবার অগোচরে সে পানিতে পড়ে যায়। কাজ শেষে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। একপর্যায় তাকে ডুবন্ত অবস্থায় পুকুরের পানি থেকে মৃত উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ওসি এইচএম শাহীন জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
অপরদিকে বিকেলে খাগড়াছড়ির রামগড়ে ১ নম্বর রামগড় ইউনিয়নের বলিপাড়া এলাকায় বেড়াতে এসে নানার বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে মো. তানভীর হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত তানভীর একই উপজেলার লামকুপাড়া এলাকার আরিফ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে দীর্ঘ সময় ধরে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন আবদুর রহিম জানান, সকালে তারা বেড়াতে নানার বাড়িতে আসেন। দুপুরের পর কখন যে শিশুটি পুকুরে পড়ে যায়, তা কেউ টের পাননি।
রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, হাসপাতালে আনা শিশুটির মরদেহ শনাক্ত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
—জা.অর্থনীতি/এনজে


