‘কসম’ কেটে সফল জোভান-তটিনী

একটা সময় টেলিভিশন চ্যানেলগুলোতে ঈদের নাটক মুক্তির হিড়িক দেখা যেতো। বর্তমানে সেটি কিছুটা পরিবর্তন হয়েছে। টেলিভিশনের পাশাপাশি নাটক মুক্তি পাচ্ছে ইউটিউবেও। গত ঈদুল ফিতরে ইউটিউবে মুক্তি পেয়েছে শতাধিক নাটক। এর মধ্যে আলোচনায় এসেছে হাতেগুনা কিছু নাটক। তার একটি ‘কসম’। যে নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। 

জোভান ও তটিনী জুটির রসায়ন বরাবরই পর্দায় সাদরে গ্রহণ করেন দর্শকরা। এবার এর ব্যতিক্রম হয়নি। সম্প্রতি এই জুটির জটিল প্রেমের এক গল্প নিয়ে নির্মিত ‘কসম’ বেশ আলোচনায় উঠে এসেছে। 

নাটকের গল্পে জোভান ও তটিনী প্রেমিক-প্রেমিকা। প্রেমিকার প্রাণ বাঁচাতে প্রেমিক এমন এক কসম কাটে, তাতে করে জন্ম নেয় বিস্ময়কর এক ঘটনা। ফলে, ক্লাইম্যাক্সে হয়ে উঠেছে চরমে। 

সিএমভি’র ব্যানারে প্রকাশিত ‘কসম’ নামের এই নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। 

নাটক প্রসঙ্গে তিনি বলেন, গল্পটির মধ্যে অনেক বাঁক রাখার চেষ্টা করেছি। যেখানে দর্শকদের সামনে উঠে এসেছে প্রেম ও পরিবারের জটিল সমীকরণ। সেজন্যই হয়তো দর্শক-সমালোচকদের পক্ষ থেকে দারুণ সাড়া পাচ্ছি। 

গত ৩ এপ্রিল সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘কসম’। নাটকটি প্রকাশের পর এ পর্যন্ত ভিউ অতিক্রম করেছে ৭০ লাখের ঘর। 

—জা. অর্থনীতি/এনএ