সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রণ হবে না: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা শুনে আসছি। এখন বাংলাদেশ থেকে তা মুছে দেব। দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না।

শনিবার (১১ এপ্রিল) সিলেট নগরীর টিলাগড়ে দেশের প্রথম সরাসরি কৃষকদের বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার সরবরাহ ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। আমদানি থেকে খুচরা বিক্রয় পর্যন্ত পুরো সাপ্লাই চেইনকে একটি সমন্বিত ডিজিটাল মডেলের আওতায় আনা হবে, যাতে বাজার তদারকি সহজ হয় এবং যেকোনো ধরনের কারসাজি দ্রুত শনাক্ত করা যায়।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক হাটের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে টিসিবির কার্যক্রমের পরিধি বাড়ানো হবে। সরকার প্রতিবছর টিসিবির কাজের জন্য ৩২-৩৩ শত কোটি টাকা ভর্তুকি দেয়, এটা কমানো হবে। তবে টিসিবির কার্যক্রম বাড়ানো হবে। 

খন্দকার মুক্তাদির জানান, সারা দেশে কৃষক যাতে তার উৎপাদিত পণ্য সপ্তাহে একদিন হলেও সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন সে বিষয়ে প্রত্যেক জেলায় জেলা প্রশাসকরা ব্যবস্থা নেবেন। 

সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম জানান  কৃষি পণ্যের বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে মূলত ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন সকালে টিলাগড় পয়েন্টের নির্ধারিত স্থানে এই বাজারের কার্যক্রম চলবে। এখানে সিলেটের প্রান্তিক কৃষকরা কোনো ধরনের মধ্যস্থতাকারী বা দালালের সহায়তা ছাড়াই তাদের উৎপাদিত পণ্য সরাসরি সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার সুযোগ পাবেন। 

অনুষ্ঠান শেষে মন্ত্রী সিটি কর্পোরেশন আয়োজিত উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন। 

—জা.অর্থনীতি/জেআরটি