হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬২টি শিশু। হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামে যে চার শিশুর মৃত্যু হয়েছে, তারা সবাই ঢাকার। হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ৬ শিশুর পাঁচটি ঢাকা বিভাগের, একটি খুলনার।

এ সময়ে সর্বোচ্চ ১২৩ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ২১ জনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। সবচেয়ে কম ১ জন করে হাম রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম ও সিলেটে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৫৮০ জনই ঢাকা বিভাগের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬২ জন, যার মধ্যে ৩৫৭ জনই ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুর (১১) ও ময়মনসিংহে (২২)।

হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৬৩৪ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩১২ জন ও চট্টগ্রাম বিভাগে ১২০ জন হাসপাতাল ছেড়েছেন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২৯ দিনে হামে মোট ২৮টি শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫১টি শিশুর।

গত ২৯ দিনে হামের উপসর্গ নিয়ে আসা ১৫ হাজার ৬৫৩ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২২৫ জন। তাদের মধ্যে ২ হাজার ৬৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭ হাজার ৬৫৬ জন।

—জা. অর্থনীতি/এনজে