হরমুজে নজরদারির ভিডিও প্রকাশ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধের হুমকি দেওয়ার পর ইরান রেভ্যুলেশনারী গার্ড কোর (আইআরজিসি) সেখানে নজরদারির একটি ভিডিও প্রকাশ করেছে।

ড্রোন দিয়ে করা ভিডিওটির ক্যাপশনে লেখা- ‘সব নৌযান চলাচল ইরানি বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি জানায়, ভিডিওটি প্রকাশের পর আইআরজিসি নৌ কমান্ড সতর্ক করে দিয়ে বলেছে, ‘হরমুজ প্রণালি নিয়ে কেউ যদি কোন ধরনের তৎপরতা চালাতে চায় তবে তারা বিপদে পড়বে।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, তিনি হরমুজ প্রণালি অবরোধ করতে চান। কিন্তু এজন্য কিছুটা সময় লাগবে।

এছাড়া শান্তিচুক্তি না হলে তিনি ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুশিয়ারি দিয়ে বলেন, ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি।’

অপরদিকে ইরান জানায়, আক্রান্ত হলে তারাও পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল ও এই অঞ্চলের অন্যান্য দেশের একই ধরনের স্থাপনাগুলো ধ্বংস করে দেবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা যেকোনো জাহাজকে অবরোধের প্রক্রিয়া শুরু করবে মার্কিন নেভি। তারা বিশ্বের সেরা নৌবাহিনী। এই প্রক্রিয়া অবিলম্বে কার্যকর হতে যাচ্ছে।’

উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় ২০ শতাংশ সাধারণত এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। 

—জা. অর্থনীতি/এনজে