দ্বিতীয় দফার আলোচনায় ইরানের ‘অসম্মতি’

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসতে এখনো রাজি হয়নি ইরান। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, বার্তা আদান-প্রদানের সময় যুক্তরাষ্ট্র বেশ কিছু ‘অতিরিক্ত’ দাবি সামনে এনেছে বলে মনে করছে ইরান। এসব দাবি প্রত্যাহার করাকেই আলোচনা চালিয়ে যাওয়ার অন্যতম শর্ত হিসেবে নির্ধারণ করেছে তেহরান।

হরমুজ প্রণালিতে ইরানের পুনরায় বিধি-নিষেধ আরোপ করা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনেরই প্রত্যক্ষ ফল বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, প্রণালি খুলে দেওয়ার পরও যুক্তরাষ্ট্রের অবরোধ জারি রাখা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের শামিল।

পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে ওয়াশিংটনকে নিজেদের এই শর্তের কথা জানিয়ে দিয়েছে ইরান।

সূত্রটি বলেছে, আমরা পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে আমেরিকান পক্ষকে দ্বিতীয় দফার আলোচনায় আমাদের অসম্মতির কথা জানিয়ে দিয়েছি।

এ ছাড়া তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা ফলাফলহীন কোনো দীর্ঘমেয়াদি আলোচনায় সময় নষ্ট করতে চায় না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন দফার আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ বলেছেন, উভয়পক্ষ একটি অভিন্ন কাঠামোতে সম্মত না হওয়া পর্যন্ত আলোচনা হতে পারে না।

তিনি বলেন, যতক্ষণ না আমরা কাঠামোর বিষয়ে একমত হচ্ছি, ততক্ষণ আমরা কোনও তারিখ নির্ধারণ করতে পারি না।

ইরানের এই উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় ইরান যা কিছুতেই সম্মত হোক না কেন, তাতে অবশ্যই আন্তর্জাতিক আইনের অধীনে দেশটির অধিকার সংরক্ষিত থাকতে হবে। তিনি বলেন, ইরান আন্তর্জাতিক আইনের ব্যতিক্রম কিংবা নিজের অধিকার বিসর্জন দেওয়া মেনে নেবে না।

জেএ/অভি