একই গানে একসঙ্গে হৃদয়-ইমরান

বিনোদন ডেস্ক: দেশের সংগীতাঙ্গনে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন দুই জনপ্রিয় তারকা হৃদয় খান ও ইমরান মাহমুদুল। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন তারা। হৃদয় খানের সুর ও সংগীতে ‘ফিরে এলে না’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান।

এটি নিয়ে ইমালাউইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। জানা গেছে, গত মার্চ মাসেই হৃদয় খানের স্টুডিওতে সম্পন্ন হয়েছে গানটির রেকর্ডিং। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

সহকর্মীর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে ইমরান বলেন, ‘হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এত চমৎকার একটি গান উপহার দেওয়ার জন্য, এটি অন্যরকম একটি কাজ হয়েছে, আশা করি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

শুধু নতুন গানই নয়, বর্তমানে প্লেব্যাক ও স্টেজ শো—দুই মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন ইমরান। সম্প্রতি রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর গানেও ছিল তার শক্ত উপস্থিতি। পাঁচটি ছবির মধ্যে তিনটিতে তার কণ্ঠ শোনা গেছে।

‘প্রিন্স’-এর ‘পরী’, ‘রাক্ষস’-এর দুটি গান এবং ‘দম’ সিনেমার ‘কোথায় পাব তাহারে’—এই গানগুলোর মাধ্যমে ঈদের ছবিতে নিজের দাপট ধরে রেখেছেন তিনি। অন্যদিকে, হৃদয় নীরবেই কাজ করে যাচ্ছেন।