বিনোদন ডেস্ক: ঈদুল ফিতরে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত সিনেমা রাক্ষস। মেহেদী হাসান হৃদয় পরিচালিত রোমন্টিক অ্যাকশন থ্রিলার সিনেমাটি দেশের পর এখন বিশ্বব্যাপী প্রদর্শিত হচ্ছে। গত সপ্তাহে ইতালিতে প্রদর্শনীর পর সিনেমাটি আজ মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে গ্যালাক্সি মিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আজ উত্তর আমেরিকার ৯টি শহরে রাক্ষস সিনেমাটি প্রদর্শিত হচ্ছে ।
গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, আমরা সব সময়ই ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই। রাক্ষস এমন একটি চলচ্চিত্র, যা শুধু বিনোদনই দেবে না-দর্শকদের ভেতর থেকে নাড়িয়ে দেবে। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা। আশা করি, সিনেমাটি দারুণ সাড়া পাবে দর্শকদের।
পরিবেশন প্রতিষ্ঠান বরাতে জানা যায়, মিশিগানের স্টার্লিং হাইটস শহরের একটি এএমসি থিয়েটারে ছবিটির প্রদর্শনী শুরু হয়েছে। পাশাপাশি উত্তর আমেরিকার আরও কয়েকটি শহরে প্রদর্শন শুরু হয়েছে। পরিবেশন প্রতিষ্ঠান আরও জানায়, যুক্তরাষ্ট্রে ৬০টিরও বেশি শো চলবে রাক্ষসের।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, যিনি ‘রাক্ষস’ চরিত্রে ভিন্নরূপে হাজির হয়েছেন। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি। এতে সিয়ামের বিপরীতে আছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। আরও আছেন, আলী রাজ, সোহেল মণ্ডল, মারিয়া শান্তসহ অনেকেই।


