আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান দীর্ঘদিন ধরেই এ ধরনের কৌশল অবলম্বন করছে, তবে এবার তা সফল হবে না।
ট্রাম্প বলেন, তারা আবারও হরমুজ প্রণালি বন্ধ করার চেষ্টা করছে, যেমনটি তারা বহু বছর ধরে করে আসছে। কিন্তু তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না।
তিনি আরও দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তার কথায়, তাদের নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, নেতৃত্ব নেই তাদের কিছুই নেই।
এদিকে, যুদ্ধের শেষ পর্যন্ত হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রাখতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, তেহরান ‘যুদ্ধের চূড়ান্ত অবসান এবং অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখবে’।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ, ট্রানজিট সনদ ইস্যু এবং সংশ্লিষ্ট সেবা ফি পরিশোধের বাধ্যবাধকতার মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর করা হবে।
এর আগে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের পর ইরান হরমুজ প্রণালি খুলে দিলেও কয়েক ঘণ্টা পরেই গুরুত্বপূর্ণ জলপথটি আবারও বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার পর দুটি বাণিজ্যিক জাহাজে ইরানি নৌবাহিনী গুলি চালিয়েছে বলেও জানা গেছে। সূত্র: দ্য টেলিগ্রাফ, আল-জাজিরা
—জা.অর্থনীতি/জেআরটি


