ইতিহাদে আজ মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের শিরোপা লড়াই এখন এক রোমাঞ্চকর ও চূড়ান্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রোববার ইতিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল এমন এক ম্যাচে মুখোমুখি হচ্ছে, যাকে ফুটবল ভক্তরা পুরো মৌসুমের ভাগ্য নির্ধারণী লড়াই হিসেবে অভিহিত করছেন। দুই দলের এই দ্বৈরথ কেবল তিন পয়েন্টের লড়াই নয়, বরং শিরোপার দৌড়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ও মানসিক দৃঢ়তা প্রমাণের এক অগ্নিপরীক্ষা।

বর্তমানে আর্সেনাল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও ম্যানচেস্টার সিটির ক্রমবর্ধমান চাপে গানারদের অবস্থান এখন বেশ নড়বড়ে। আর্সেনাল বর্তমানে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকলেও সিটির হাতে রয়েছে একটি বাড়তি ম্যাচ। হিসাবটা অত্যন্ত সহজ—আর্সেনালকে হারিয়ে এবং নিজেদের হাতে থাকা ম্যাচটি জিতলে পেপ গার্দিওলার দল নাটকীয়ভাবে শিরোপার দৃশ্যপট বদলে দিতে পারে। অন্যদিকে, উত্তর লন্ডনের ক্লাব আর্সেনালের জন্য এটি তাদের দীর্ঘ ২২ বছরের শিরোপা খরা কাটানোর সবচেয়ে বড় বাধা। সাম্প্রতিক চার ম্যাচে মাত্র একটি জয় পাওয়া মিকেল আর্তেতার শিষ্যদের জন্য চ্যাম্পিয়নদের মাঠে নামার আগে এটি আদর্শ প্রস্তুতি নয়। এই ম্যাচে পরাজিত হলে শিরোপার স্বপ্ন পূরণে তাদের ওপর যে চাপ তৈরি হবে, তা সামলানো কঠিন হয়ে পড়তে পারে।

বিপরীত দিকে, ম্যানচেস্টার সিটি এখন তাদের চিরচেনা বিধ্বংসী ছন্দে রয়েছে। গত কয়েক মাস ধরে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে। সর্বশেষ ম্যাচে চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সিটিজেনরা প্রমাণ করেছে যে, তারা সুযোগ পেলেই প্রতিপক্ষের ওপর কতটা নির্দয় হয়ে উঠতে পারে। বিশেষ করে ইতিহাদ স্টেডিয়ামে তাদের রেকর্ড ঈর্ষণীয়। চলতি মৌসুমে ঘরের মাঠে টানা ১৪ ম্যাচ ধরে অপরাজিত থাকা সিটি গানারদের বিপক্ষে গত ১০টি লিগ ম্যাচের একটিতেও হারেনি, যার মধ্যে জয় পেয়েছে সাতটিতে। এমনকি ২০১৫ সালের জানুয়ারির পর আর্সেনাল ইতিহাদে কখনো জয়ের মুখ দেখেনি।

মাঠের লড়াইয়ের আগে দুই দলের কোচের বক্তব্যেও সতর্কতার ছাপ পাওয়া গেছে। ম্যানসিটি বস পেপ গার্দিওলা এই ম্যাচকে 'ফাইনাল' হিসেবে গণ্য করছেন। তাঁর মতে, আজ হারলে শিরোপার দৌড় থেকে তাঁরা ছিটকে যাবেন। যদিও হাতে আরও ছয়টি ম্যাচ বাকি থাকবে এবং এভারটন, অ্যাস্টন ভিলার মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে, তবুও আর্সেনাল ম্যাচটিকে তিনি শিরোপা নির্ধারণী মোড় হিসেবে দেখছেন। অন্যদিকে, মিকেল আর্তেতা কিছুটা ভিন্নভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি স্বীকার করেছেন যে এই জয় তাঁদের লক্ষ্যের অনেক কাছে নিয়ে যাবে, কিন্তু লিগের কঠিন বাস্তবতায় প্রতি ম্যাচেই পয়েন্ট হারানোর ঝুঁকি থাকে। তাই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের মতো এই ম্যাচটিকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তিনি।

সম্প্রতি কারাবাও কাপের ফাইনালে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি। সেই হার গানারদের মনে যে ক্ষতের সৃষ্টি করেছে, তা প্রতিশোধ নেওয়ার প্রেরণা হিসেবে কাজ করতে পারে। ফুটবল প্রেমীরা আজ এমন এক দ্বৈরথের অপেক্ষায় আছেন যেখানে মাঝমাঠের নিয়ন্ত্রণ আর ডি-বক্সের ভেতরকার ফিনিশিংই গড়ে দেবে আসল ব্যবধান। ইতিহাদের এই ৯০ মিনিটের লড়াই শেষে কি গানাররা তাদের শীর্ষস্থান আরও পোক্ত করবে, নাকি সিটিজেনরা তাদের ট্রেবল জয়ের পথে বড় একটি ধাপ এগিয়ে যাবে—সে দিকেই এখন তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।

জেএ/অভি