নিজস্ব প্রতিবেদক: প্রায় ২ দশক পর পৈতৃক নিবাস জিয়াবাড়ির আঙিনায় পা রাখছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে যাচ্ছেন তিনি।
২০০৬ সালের পর প্রথমবার আদি নিবাসে ফিরছে ঘরের ছেলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর।
দলীয় সূত্র জানায়, আগামীকাল বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
এর আগে গতকাল বিএনপি মিডিয়া সেল সমন্বয়কারী কালাম আজাদ জানান, সোমবার প্রধানমন্ত্রী বগুড়ায় দিনব্যাপী সরকারি সফরে যাচ্ছেন। নিজ বাসভবন থেকে সকাল ৬টায় সড়কপথে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন।
সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন ও ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরভবনে উপস্থিত হয়ে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন শেষে গাবতলী উপজেলার বাগবাড়িতে যাবেন।
দুপুরে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ও শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে নিজের পৈতৃক নিবাস জিয়াবাড়ির আঙিনায় উপস্থিত হবেন।
বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যার পর ঢাকায় ফেরার পথিমধ্যে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) স্বল্পকালীন যাত্রা বিরতি করবেন।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গতবছর ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করেন তারেক রহমান। প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার ৩৫ দিন পর পূর্বপুরুষের ভিটা বগুড়ায় যান। এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর পৈতৃক বাড়িতে গিয়েছিলেন তিনি।
—জা.অর্থনীতি/এনজে


