তৃতীয় বিভাগে নেমে গেল হামজার লেস্টার সিটি

অবনমন এড়ানোর সম্ভাবনা জিইয়ে রাখতে হলে জিততেই হতো লেস্টার সিটিকে। ৬২ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে সেই লক্ষ্য পূরণের কাছাকাছিই ছিলেন হামজা চৌধুরীরা। কিন্তু ৬৩ মিনিটে হাল সিটির সমতাসূচক গোলে শেষ পর্যন্ত ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে টিকে থাকতে পারেনি লেস্টার।


মঙ্গলবার রাতে হাল সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করায় তৃতীয় বিভাগ, অর্থাৎ লিগ ওয়ানে অবনমন নেমে গেছে লেস্টার। ২৪ দলের চ্যাম্পিয়নশিপ লিগে ৪৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ২৩তম লেস্টার। হাতে আছে আর দুই ম্যাচ। অবনমন অঞ্চল থেকে বাঁচতে ৭ পয়েন্টের দূরত্বে রয়েছে ক্লাবটি। বাকি দুই ম্যাচ জিতলেও লেস্টারের পক্ষে এই ব্যবধান কাটিয়ে ওঠা সম্ভব নয় কোনোভাবেই।


১০ বছর আগেও মৌসুমের এই পর্যায়ে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের প্রহর গুনছিল লেস্টার। কিন্তু আগামী মৌসুমে খেলতে হবে তৃতীয় বিভাগে—যেটা লেস্টারের ১৪২ বছরের ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের মতো।