আবারও মাঠের বাইরে নেইমার

স্পোর্ট ডেস্ক: মাঠে ফিরেছিলেন রাজকীয় ভঙ্গিতে। পাঁচ ম্যাচে তিন গোল আর দুই অ্যাসিস্ট করে বুঝিয়ে দিয়েছিলেন, ধার এখনো কমেনি। কিন্তু বাঁ পায়ের হাঁটুর অস্ত্রোপচার সেরে ফেরার পর ৩৬ বছর বয়সী এই মহাতারকার শরীর যেন আর সায় দিচ্ছে না। ক্রুজেইরোর বিপক্ষে সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও মাঠের বাইরে থাকতে হচ্ছে নেইমার জুনিয়রকে।

সান্তোসের নতুন কোচ কুকা জানিয়েছেন, নেইমার বর্তমানে খেলার মতো আদর্শ শারীরিক অবস্থায় নেই। মূলত ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ বা অতিরিক্ত পরিশ্রমজনিত চোটের ঝুঁকি এড়াতেই তাকে এই বিশ্রামে রাখা হয়েছে। হুয়ান পাবলো ভোজভোদার বিদায়ের পর দায়িত্ব নেওয়া কুকা নেইমারের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদমাধ্যম ‘ওলে’-কে কুকা বলেন, ‘আমি ওর সঙ্গে আলাদাভাবে কথা বলেছি। টানা দুটি ম্যাচ খেলায় ও বেশ ক্লান্ত। আমরা এই মুহূর্তে কোনো ঝুঁকি নিতে পারি না। তাই রবিবারের ম্যাচে ও থাকছে না।’

পেশির টানের কারণে এর আগে মিরাসোলের বিপক্ষে ম্যাচটিও মিস করেছিলেন নেইমার। এরপর করিন্থিয়ানস এবং ইন্টারনাসিওনালের বিপক্ষে মাঠে নামলেও ধকল সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। সান্তোস ম্যানেজমেন্ট মনে করছে, এই বয়সে এসে টানা ম্যাচ খেলা নেইমারের জন্য বড় ধরনের চোটের কারণ হতে পারে।

সান্তোসে ফেরার পর নেইমারের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল উজ্জ্বল। কিন্তু দলের সেরা তারকাকে ছাড়াই এখন ক্রুজেইরোর কঠিন বাধা পার করতে হবে ক্লাবটিকে। লিগ টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে নেইমারহীন সান্তোস কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

—জা. অর্থনীতি/এএইচএ