জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ভেঙে প্রাণ হারানো ৫ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (২৩ মার্চ) নিহত শিশুর বাবা-মায়ের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মুরাদ হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যক্তিগত তহবিল থেকে নিহত সহোদর দুই ভাই-বোনের পরিবার দুটিকে ১ লাখ টাকা করে ও আরেক নিহতের পরিবারকে ৫০ হাজার টাকাসহ মোট ২ লাখ ৫০ হাজার টাকা এবং ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
মৃত শিশুরা হলো- উপজেলার চর ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে মায়ামনি (১০) ও ছেলে মিহাত (১৪), বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোরচর গ্রামের শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং পৌর শহরের বাদেশশারিয়া এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৬)।
এর আগে ঈদের আনন্দ উপভোগ করতে ঈদের দিন শনিবার বিকেলে কাঠ ও ড্রামের তৈরি ভাসমান সেতুটিতে শতশত দর্শনার্থী ভিড় করেন। অতিরিক্ত মানুষের চাপে সেতুটি হঠাৎ উল্টে গেলে নারী ও শিশুসহ বহু দর্শনার্থী পানিতে পড়ে যান। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এই ৫ শিশু নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল স্থানীয়দের সহায়তায় অভিযান শুরু করে। পরে মধ্যরাত পর্যন্ত তল্লাশি চালিয়ে ৫ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
—জা. অর্থনীতি/এনজে

