পাকিস্তানি ব্যাংক আলফালাহর  মালিকানা নিচ্ছে ব্যাংক এশিয়া   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পাকিস্তানের ব্যাংক আলফালাহ লিমিটেডের বাংলাদেশ অংশের কার্যক্রম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছেন প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা। ঢাকার ব্যাংক এশিয়া পিএলসির কাছে প্রায় চার কোটি ৭৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ৫৮০ কোটি টাকায় তা বিক্রি করা হচ্ছে।

ব্যাংক এশিয়ার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রমের অভ্যন্তরীণ নিরীক্ষা সম্পন্ন হয়েছে। কয়েক মাস আগে এ প্রক্রিয়া শুরু হয়। পাকিস্তানের পুঁজিবাজারে বিক্রির অনুমোদনের খবর পাওয়া গেছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ সম্পন্ন হতে পারে। এর পর ব্যাংক আলফালাহর সম্পদ ও কার্যক্রম বুঝে নেবে ব্যাংক এশিয়া।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক আলফালাহ তাদের ৭৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বাংলাদেশে ব্যবসা বিক্রির সিদ্ধান্তের কথা জানায়। সভার কার্যবিবরণী গত শুক্রবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া হয়েছে। শেয়ারহোল্ডারদের অনুমোদিত প্রস্তাবে বলা হয়, বাংলাদেশে ব্যাংক আলফালাহর কার্যক্রম ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে। এ জন্য ব্যাংকটি ভিত্তিমূল্য হিসেবে প্রায় ৫৮০ কোটি টাকা পাবে, যা বর্তমান বাজারদরে প্রায় ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলারের সমান।

তবে বিক্রয়মূল্য চূড়ান্ত করার ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী কিছু সমন্বয় হতে পারে। পুরো প্রক্রিয়াটি দুই দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা-স্টেট ব্যাংক অব পাকিস্তান এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ওপর নির্ভরশীল।

১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা ব্যাংক এশিয়া পরবর্তী সময়ে বিদেশি কয়েকটি ব্যাংকের বাংলাদেশি কার্যক্রম অধিগ্রহণের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করে। এর মধ্যে রয়েছে ব্যাংক অব নোভা স্কটিয়ার বাংলাদেশ কার্যক্রম এবং মুসলিম কমার্শিয়াল ব্যাংকের স্থানীয় কার্যক্রম। অন্যদিকে, ব্যাংক আলফালাহ পাকিস্তানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর একটি। দেশটির ২০০টিরও বেশি শহরে ব্যাংকটির এক হাজারের বেশি শাখা রয়েছে। এ ছাড়া আফগানিস্তান, বাংলাদেশ, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও তাদের আন্তর্জাতিক উপস্থিতি আছে।

চলতি বছরের শুরুতে ব্যাংক আলফালাহ আফগানিস্তানে তাদের কার্যক্রম থেকেও বিনিয়োগ প্রত্যাহারের উদ্যোগ নেয়। এ লক্ষ স্টেট ব্যাংক অব পাকিস্তান এবং আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক গজনফর ব্যাংক প্রয়োজনীয় যাচাই-বাছাই (ডিউ ডিলিজেন্স) শুরুর অনুমোদন দিয়েছে।

এদিকে বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণের প্রস্তাব অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে ব্যাংক এশিয়া। আগামী ১২ এপ্রিল এ সভা অনুষ্ঠিত হবে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে একটি বিশেষ প্রস্তাবের অনুমোদন হয়। প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন ও শেয়ারধারীদের সম্মতির ভিত্তিতে ব্যাংক আলফালাহ বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া। এ জন্য ব্যাংক এশিয়ার ১৩তম বিশেষ সাধারণ সভা আগামী ১২ এপ্রিল বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

ব্যাংক এশিয়ার একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ব্যাংক আলফালাহ কিনে ইসলামি ব্যাংকিং সেবা সম্প্রসারণ করতে চায় ব্যাংক এশিয়া। এর মাধ্যমে ইসলামি ব্যাংকিং সেবায় নেতৃত্বে উঠে আসতে চায় ব্যাংকটি। সেই লক্ষ পূরণের জন্য পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহর বাংলাদেশের কার্যক্রম কিনে নিতে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে গত বছরের ২৮ মে। এর আগেই ব্যাংকটির কার্যক্রম, সম্পদ ও দায় ব্যাংক এশিয়ার পক্ষ থেকে অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে ব্যাংক আলফালাহর পরিচালনা পর্ষদ। ব্যাংক আলফালাহর নিরীক্ষা ও মূল্য নির্ধারণের কাজটি করছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক কর, নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপারস (পিডব্লিউসি) বাংলাদেশ। এছাড়া আরও দুটি নিরীক্ষাপ্রতিষ্ঠান ব্যাংক আলফালাহর নিরীক্ষা ও মূল্য নির্ধারণ করছে। ব্যাংক আলফালাহকে অধিগ্রহণে প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছিল প্রায় ৬০০ কোটি টাকা, যা এখন ৭৮০ কোটি টাকার মতো দাঁড়িয়েছে।

তথ্য বলছে, ব্যাংক আলফালাহ লিমিটেডের বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণ স্কিম অনুমোদন দিয়েছে ব্যাংক এশিয়া পিএলসির পর্ষদ। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা এবং বিশেষ সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের কাছ থেকে এ বিষয়ে অনুমোদন সাপেক্ষে এটি কার্যকর হবে। ইতোমধ্যে পর্ষদ সভা শেষে এ সংক্রান্ত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করেছে ব্যাংক এশিয়া।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, বিদেশি বাংকের অধিগ্রহণ করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দরকার। এর আগেও বিদেশি ব্যাংকের বাংলাদেশি কার্যক্রম অধিগ্রহণ করে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ, যা ব্যাংকিং রেগুলেশন বিভাগ চূড়ান্ত করে। সবকিছু ঠিক থাকলে ব্যাংক আলফালাহর বাংলাদেশি কার্যক্রম অনুমোদন দেওয়া হবে।

তথ্যানুসারে, ২০২৪ সালের ১৮ এপ্রিল অনুষ্ঠিত পর্ষদ সভায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছিল ব্যাংক এশিয়ার পর্ষদ। পাশাপাশি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন গ্রহণের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছিল পর্ষদ। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫ হিসাব বছরের সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৮ টয়সা। আর ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ২৮ পয়সা।