অস্ট্রিয়ার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দেলুপি’

স্বল্প বাজেটে চলচ্চিত্র নির্মাণ করেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্তি বাংলাদেশের পরিচালকদের জন্য নতুন কিছু নয়। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি সিনেমার জয়যাত্রা অব্যাহত রেখে এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘দেলুপি’। 

আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য সম্মানজনক ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-এ জায়গা করে নিয়েছে সিনেমাটি। 

উৎসবের অংশ হিসেবে আগামী ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটারে ‘দেলুপি’র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

এর আগে, চলতি বছরেই সিনেমাটি নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম ২০২৬-এ প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। রটারড্যামের সাফল্যের পর ইউরোপের মাটিতে এটি ‘দেলুপি’র দ্বিতীয় বড় কোনও উৎসবে অংশগ্রহণ। 

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন-এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি বাংলাদেশি সিনেমার সমকালীন ভাষা ও নির্মাণশৈলীকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করছে।  ‘দেলুপি’ সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট প্রোডাকশন। 

এ প্রসঙ্গে ‘দেলুপি’র পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, নেদারল্যান্ডসে অসম্ভব রকমের ভালো সাড়া পাওয়ার পর এটি অস্ট্রিয়ায় যাচ্ছে, যা আমাদের টিমের জন্য খুবই আশার ও আনন্দের খবর। এটি বাংলা ও বাংলাদেশি সিনেমার জন্য সত্যিই খুব বড় পাওয়া। 

‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু ওই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয়শিল্পী, সবই স্থানীয়। 

—জা. অর্থনীতি/এনএ