জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে সম্প্রতি রাজধানীতে ‘নির্মাতার চলচ্চিত্র ভাবনা’ শীর্ষক এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের অডিটরিয়ামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কিউরিয়াস ফিল্ম সোসাইটির আয়োজনে এতে তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতির নির্মিত তিনটি স্বল্পদৈর্ঘ্য ও একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।
প্রদর্শিত চলচ্চিত্রগুলো হলো—‘জল ও পানি’, ‘টিয়ার গপ্পো’ এবং ‘সেলাই জীবন’ ও একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রদর্শিত হয় ‘জল ও পানি’, ‘সেলাই জীবন’ এবং ‘টিয়ার গপ্পো’—যা দর্শকদের মধ্যে ভিন্নধর্মী ভাবনার সঞ্চার করে।
এরপর দ্বিতীয় পর্বে প্রদর্শিত হয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। চলচ্চিত্রটি প্রদর্শনের পর উপস্থিত দর্শকদের কাছ থেকে বিপুল সাড়া পায় নির্মাণ সংশ্লিষ্টরা। প্রায় চার ঘণ্টার এই আয়োজনে দর্শকরা মনোযোগ সহকারে প্রতিটি চলচ্চিত্র উপভোগ করেন।
কিউরিয়াস ফিল্ম সোসাইটির সভাপতি সুমন মুস্তাফিজের সঞ্চালনায় প্রদর্শনীর পাশাপাশি এতে আরও ছিলো চলচ্চিত্র পর্যালোচনা, মুক্ত আলোচনা এবং চা-চক্র, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারীদের প্রশংসা ও গঠনমূলক সমালোচনা নির্মাতার ভবিষ্যৎ কাজের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সম্পাদক ফজলে হক, কথাসাহিত্যিক ও ব্যাংকার ফারুক মঈনউদ্দীন, কবি বদরুল হায়দার, অভিনেতা রওনক হাসান, সঞ্জীব পুরোহিতসহ আরও অনেক গুণীজন ও চলচ্চিত্রপ্রেমী।
এ আয়োজন প্রসঙ্গে আয়োজক সংগঠন কিউরিয়াস ফিল্ম সোসাইটির সভাপতি সুমন মুস্তাফিজ জানান, এ ধরনের আয়োজন চলচ্চিত্র চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন নির্মাতাদের জন্য একটি ইতিবাচক প্ল্যাটফর্ম তৈরি করবে। একইসঙ্গে অনুষ্ঠান সফল করতে সহযোগিতা ও উপস্থিতির জন্য সকলের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সবার সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন তিনি।
—জা. অর্থনীতি/এনএ

