যুক্তরাষ্ট্র-ইরান প্রথম দফা শান্তি আলোচনা ইতিবাচক

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত নিরসনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রথম দফার শান্তি আলোচনা ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে। দীর্ঘ সময় বৈঠকের পর নৈশভোজের বিরতি দেওয়া হয়েছে। ইসলামাবাদের বিলাসবহুল পাঁচ তারকা সেরেনা হোটেলে অনুষ্ঠিত হওয়া আলোচনার এই দিনটিকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছে আলজাজিরা।

শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী থেকে সংবাদমাধ্যমটির প্রতিনিধি জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রায় দুই ঘণ্টা ধরে আলোচনা করার পর সংক্ষিপ্ত বিরতি নিয়েছে। নৈশভোজের পর আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি বলছে, আজকের দিনটি ঐতিহাসিক। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ১৯৭৯ সালের বিপ্লবের পর এই প্রথম ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে মুখোমুখি আলোচনার টেবিলে বসেছেন। আলোচনাটি দুই ঘণ্টার কিছু কম সময় ধরে চলে। সূত্রমতে, ইতিবাচক পরিবেশে আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, প্রতিনিধিদলের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কিছু অমীমাংসিত বিষয়ও রয়েছে। লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিষয়েও কিছুটা অগ্রগতি হয়েছে। ইসরায়েলের অভিযান এখন দক্ষিণে লেবাননেই সীমাবদ্ধ থাকবে। দেশটির রাজধানী বৈরুতে আর কোনো হামলা হবে না।

ইরানের সূত্র অনুসারে, জব্দ হওয়া সম্পদ ফেরত দেওয়ার বিষয়েও কিছুটা অগ্রগতি হয়েছে।

এদিকে, ইরানি প্রতিনিধিদলের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মুখোমুখি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের বরাত দিয়ে এপি জানিয়েছে, ভ্যান্স ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদলের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছেন।

—জা.অর্থনীতি/জেআরটি