চট্টগ্রাম প্রতিনিধি: ৭৭ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৩টি জাহাজ। বর্তমানে এগুলো থেকে তেল খালাস কার্যক্রম চলছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ও রাতে ওই ৩টি জাহাজ সিঙ্গাপুর থেকে জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে।
জানা গেছে, ৩টি জাহাজের মধ্যে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের সরবরাহ করা ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজে রয়েছে ১১ হাজার টন জেট ফুয়েল। বাকি দুটির মধ্যে ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে রয়েছে প্রায় ৩২ হাজার টন ডিজেল, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। এছাড়া ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজে এসেছে প্রায় ৩৪ হাজার টন ডিজেল; সরবরাহকারী কোম্পানি সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণ-সংযোগ) ফারজিন হাসান মৌমিতা বলেন, উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে গতকাল সকাল ৮টায়।
‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে বন্দরের জেটিতে প্রবেশ করে। এরপর তেল খালাস শুরু হয়। এসব তেল সরবরাহ করেছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড।
পাশাপাশি ৬৬ হাজার টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাতে এসেছে আরও ২ জাহাজ। এর মধ্যে একটি জাহাজে ৩২ হাজার টন, অপরটিতে রয়েছে ৩৪ হাজার টন ডিজেল। বর্তমানে ৩ জাহাজ থেকে জ্বালানি তেল খালাস হচ্ছে।
বিপিসির তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে দেশে ডিজেলের মোট চাহিদা প্রায় ৪ লাখ টন। এই চাহিদা মেটাতে মাসজুড়ে একাধিক চালান আনার পরিকল্পনা রয়েছে।
—জা.অর্থনীতি/এনজে


