বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু

যশোর প্রতিনিধি: বাংলা নববর্ষ উপলক্ষে একদিনের ছুটি শেষে যশোরে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম চালু হয়।

বন্দর সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখের সরকারি ছুটির কারণে মঙ্গলবার (১৪ এপ্রিল) বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। সেই সঙ্গে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের অন্যান্য দাপ্তরিক কার্যক্রমও বন্ধ রাখা হয়। নির্ধারিত সময় অনুযায়ী আজ সকাল থেকেই পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ছুটি শেষে আজ সকাল থেকেই আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। আগের মতোই পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম চলছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, একদিনের বন্ধে বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েনি। আজ থেকে ব্যবসায়ীরা পুরোদমে কাজে নেমেছেন এবং পণ্য পরিবহন স্বাভাবিক গতিতে ফিরেছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপ-সচিব মো. শামীম হোসেন জানান, ছুটি শেষে আজ সকাল থেকে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়েছে এবং কোনো জটিলতা নেই।

এদিকে বন্দর বন্ধ থাকলেও গতকাল পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানিয়েছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন এ বন্দর দিয়ে গড়ে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয় এবং ২ হাজারের বেশি যাত্রী যাতায়াত করেন। এতে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা এবং ভ্রমণ খাতে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব আদায় হয়।

—জা.অর্থনীতি/এনজে