১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।  বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন,  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় দফার কর্মসূচি চলবে।

গোলাম পরওয়ার বলেন, আগামী ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে।  ২৫ এপ্রিল সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ২ মে প্রতিটি জেলা শহরে গণমিছিল করা হবে।  ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারা দেশে সেমিনারের আয়োজন করা হবে।

জামায়াতের এই নেতা বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন পূরণ হয়নি।  দেশের মানুষের গণরায় বর্তমান সরকার উপেক্ষা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।   জনগণের পক্ষে হওয়া আন্দোলন দমনে সরকার যে হুমকি দিচ্ছে তা ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ।  আন্দোলন দমনে পতিত সরকারের মতো আচরণ করলে পরিণতিও তাদের মতোই হবে।  তেল সংকট, হাম সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রশাসনে ফ্যাসিবাদী কায়দায় নির্লজ্জভাবে দলীয়করণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। 

—জা.অর্থনীতি/এএইচএ