আবার জুটিবদ্ধ হলেন তৌসিফ-স্পর্শিয়া
বিনোদন প্রতিবেদক : দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার ছোট পর্দায় ফিরছে জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া। ক্যারিয়ারের শুরুর দিকে এই জুটি দর্শকদের বেশ কিছু ব্যবসাসফল নাটক উপহার দিলেও ২০১৬ সালের পর থেকে তাদের আর একসঙ্গে দেখা যায়নি। অবশেষে প্রায় ১০ বছর পর একটি একক নাটকের মাধ্যমে পর্দায় কামব্যাক করছেন তারা।

তৌসিফ ও স্পর্শিয়াকে নিয়ে বিশেষ এই নাটকটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা হাসিব হোসেন রাখি। যদিও নাটকটির নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে পরিচালক জানিয়েছেন, এটি একটি নিটোল প্রেমের গল্প। আসন্ন কোরবানির ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের লক্ষ্যে বর্তমানে নাটকটির দৃশ্যধারণ চলছে।

দীর্ঘদিন পর তৌসিফের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘আমাদের ক্যারিয়ারের যাত্রা প্রায় একই সময়ে শুরু। অভিনয়শিল্পী হিসেবে আমরা একসঙ্গে বড় হয়েছি। তবে মাঝে অনেকটা সময় আমি টিভি নাটক থেকে দূরে থাকায় কাজ করা হয়নি। গত বছর‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আমাদের ছোট একটি দেখা হলেও, একক নাটক হিসেবে এটি ১০ বছর পরের কাজ। তাই এই প্রজেক্টটি আমার কাছে খুবই স্পেশাল।’

সহশিল্পী হিসেবে তৌসিফের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘এতদিন পর কাজ করলেও আমাদের বোঝাপড়ায় কোনো সমস্যা হচ্ছে না। বরং মনে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে আমরা অভিনয়ে আরও বেশি পেশাদার হয়েছি।’

তৌসিফ মাহবুবও এই প্রত্যাবর্তন নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘২০১৬ সালের পর আর জুটি হিসেবে আমাদের কাজ করা হয়নি। স্পর্শিয়ার সঙ্গে আমার পর্দার বাইরের বন্ধুত্ব খুব পুরোনো। এক দশক পর যখন আবার সেটে দেখা হলো, তখন পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। স্পর্শিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সব সময়ই দারুণ, কারণ আমাদের মধ্যে দারুণ কমফোর্ট জোন কাজ করে ‘

উল্লেখ্য, গত বছরের শেষদিকে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অতিথি চরিত্রে তাদের একসঙ্গে দেখা গেলেও কোনো নাটকের কেন্দ্রীয় চরিত্র হিসেবে এই দীর্ঘ বিরতি দর্শকদের মধ্যেও ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। দর্শকরা আশা করছেন, পুরোনো এই জুটির নতুন রসায়ন ঈদের উৎসবে বাড়তি আনন্দ যোগ করবে।