বিনোদন ডেস্ক: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরের প্রথম দিনটি ঘিরে সংগীত, নাটক ও বিনোদনের অন্যান্য মাধ্যমে এ নিয়ে আয়োজনের শেষ থাকে না। পহেলা বৈশাখ উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয় অনেক কনসার্ট ও সংগীতানুষ্ঠান। এতো এতো অনুষ্ঠান তবুও মান নিয়ে রয়ে যায় নানা প্রশ্ন। এসব অনুষ্ঠানে তাল-লয়হীন পরিবেশনা ও অশালীন উপস্থাপনার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই। এমন পরিস্থিতিতে শোবিজের অনেক তারকাই ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষোভ ঝাড়লেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীও। নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি বর্তমান সংগীতচর্চার মান নিয়ে প্রশ্ন তুলেছেন।
পহেলা বৈশাখের গানের অনুষ্ঠান প্রসঙ্গে ওমর সানী লিখেন, ‘আজকে কয়েক জায়গায় অসুস্থ সংগীত শুনলাম। সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন।’
তার এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বর্তমান সময়ের কিছু কনসার্টের মান নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বলছেন, নতুন প্রজন্মের সংগীতধারাকে এভাবে সমালোচনা না করে ইতিবাচক দিকও দেখা উচিত।
সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি ওমর সানিকে জিজু (দুলাভাই) সম্বোধন করে পোস্টটিতে মন্তব্য করেন, ‘রবীন্দ্রসংগীত / নজরুলসংগীত/ ব্যান্ড সংগীত / আধুনিক সংগীত/ লালন সংগীত এসবের নাম শুনেছি কিন্তু ‘অসুস্থ সংগীত’ প্রথম শুনলাম! জিজো, এই অসুস্থ সংগীতের আসর বসায় আইসিউ পার্টি।’
উৎসবমুখর পরিবেশে এমন বিতর্ক নতুন কিছু নয়, তবে প্রতি বছরই পহেলা বৈশাখের আয়োজন ঘিরে সংগীতের মান ও উপস্থাপনা নিয়ে আলোচনা যেনো আরও জোরালো হচ্ছে। সংগীত সংশ্লিষ্টদের সুনজর না পড়লে এ থেকে উত্তরণ সত্যিই অনেক দূরের স্বপ্ন।
—জা. অর্থনীতি/এনএ


