মাউশির মহাপরিচালকের দায়িত্ব পেলেন মাহমুদ সোহেল

অনলাইন ডেস্ক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল। পূর্ণকালীন ডিজি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

বর্তমানে তিনি শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের (পিএস) দায়িত্ব সামলানোর পাশাপাশি মাউশির মাধ্যমিক শাখার পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপ-সচিব তানিয়া ফেরদৌসের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) পদে কর্মরত অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে ট্রেজারি ও সাবসিডিয়ারি আইনের ভলিউম-১, বিধি ৬৬ মোতাবেক মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে দেওয়া হলো।

খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ২০০১-৬ সালে বিএনপি জোট সরকারের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পিএস ছিলেন।

—জা.অর্থনীতি/জেআরটি