নিজস্ব প্রতিবেদক: ঘোষণা ছিলো পুরাতন পার্টস। কিন্তু পার্টসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ছিলো ১৫ হাজার ৪৪৩ কার্টন বিদেশি সিগারেট, যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। তবে শেষ রক্ষা হয়নি। পানগাঁও কাস্টম হাউসের কর্মকর্তারা এই বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত সিগারেট আটক করেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাউসের কমিশনার মো. বশীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মিথ্যা ঘোষণায় পণ্যের মধ্যে লুকিয়ে সিগারেট আমদানি করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে প্রিভেন্টিভ টিমের সদস্যরা দুবাই থেকে আগত একটি পণ্য চালানে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময় নিরাপত্তা সংস্থা ও বন্দর সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পণ্য চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয় এবং পরীক্ষণকালে পুরাতন মোটর পার্টসের ভিতর বিশেষ কৌশলে লুকায়িত, ঘোষণাবহির্ভূত ও আমদানি নিয়ন্ত্রিত প্রায় একত্রিশ লক্ষ শলাকা বা প্রায় ১৫,৪৪৩টি ছোট কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি টাকা।
আমদানি তথ্য অনুসন্ধানে জানা গেছে, পণ্য চালানটির আমদানিকারক মৈত্রী অটোমোবাইলস এবং সিঅ্যান্ডএফ এজেন্ট মিতুল ট্রেড লিমিটেড। মিথ্যা ঘোষণায় আটক করা পণ্য চালানটির বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কমিশনার বলেন, রাজস্ব ফাঁকি রোধ ও অবৈধ পণ্য আমদানি প্রতিরোধে কাস্টমসের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
—জা.অর্থনীতি/জেআরটি


