কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় গেইটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেছেন আহত বাসযাত্রী শেফালী আক্তার।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসীমউদ্দীন জানান, বাংলাদেশ দণ্ডবিধি ‘দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যু, ৩০৪ ধারার ক’ আইনে মামলাটি করেছেন নিহত সোহাগ রানার খালা শেফালী আক্তার। তিনিও ওই বাসে ছিলেন। তার বাড়ি কুমিল্লার লাকসামে।

অফিসার ইনচার্জ জসীমউদ্দীন আরো জানেন, মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ঈদ করতে দেশে আসেন চুয়াডাঙ্গা বাড়িতে। সেখান থেকে ঈদের দিন কুমিল্লার লাকসামে খালার বাড়িতে বেড়াতে আসার সময় রেল ক্রসিংয়ে সংঘর্ষের ঘটনায় প্রাণ হারান। একই ঘটনায় আহত সোহেল রানার স্ত্রী ও মেয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গত শনিবার ঈদের দিন ভোররাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ক্রসিংয়ে ঢাকা মেইল ট্রেনের ধাক্কায় মামুন স্পেশাল নামের একটি বাসের ১২ জন যাত্রী নিহত হন। এছাড়া গুরুতর আহত হন অন্তত ৮ জন যাত্রী। এ ঘটনায় পদুয়ার বাজার এলাকায় রেলের গেইটে দায়িত্বরত দুই কর্মচারী হেলাল ও মেহেদীকে বরখাস্ত করা হয়।

প্রত্যক্ষদর্শী ও আহতদের দাবি, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন আসার সময় বাজার রেলওয়ের লেভেল ক্রসিংয়ে গেট সময় মত বন্ধ করেনি দুই গেইটম্যান। এতে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

—জা.অর্থনীতি/এনজে