সঠিক পথে না ফিরলে পরিণতি ভালো হবে না: জামায়াত আমির

মৌলভীবাজার প্রতিনিধি: জনগণের সঙ্গে ধোঁকাবাজি বন্ধ করে সঠিক পথে না ফিরলে এর পরিণতি ভালো হবে না। তিনি বলেন, দেশের মানুষ এখন সচেতন- জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হলে তা প্রতিহত করা হবে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে এসব কথা বলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, অতিরিক্ত ভাড়া ফেরতের ঘোষণা দিলেও বাস্তবে তা কার্যকর করা কঠিন। এতো মানুষ ঢাকা ছেড়েছে, তাদের টাকা ফেরত দিতে কিভাবে খুঁজে পাবেন? প্রশ্ন তোলেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম থাকলেও আমরা মেনে নিয়েছি, যেনো দেশ অচল না হয়। কিন্তু আপনারা যদি সঠিক ধারায় না ফেরেন, তাহলে সারাদেশের মানুষ- এই জুলাই যোদ্ধারা আপনাদের ক্ষমা করবে না।

তিনি বলেন আরও বলেন, সে বাড়িতে আমি থাকবো না। দেশের প্রয়োজনে, রাষ্ট্রীয় কাজে- বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের জন্যই সেটি ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, সরকারের কাছ থেকে চাঁদাবাজি করতে হয় না। আমরা সরকারের মুখে শুনতে চাই- বাংলাদেশে আর চাঁদাবাজি হবে না, মানুষের ওপর জুলুম হবে না। সরকার ইতিবাচক পদক্ষেপ নিলে আমরা সহযোগিতা করবো, সমর্থন করবো। কিন্তু জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করবো, প্রয়োজন হলে প্রতিহত করবো।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট মহানগরী নায়েবে আমির হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খাঁনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক সহস্রাধিক মানুষ এতে অংশ নেন এবং আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

—জা.অর্থনীতি/আরএস