পাবনায় গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে দুইপক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

সোমবার (২৩ মার্চ) সকালে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধুর চায়না খাতুন ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়নের রাফিউল ইসলাম রাজা গ্রুপের সাথে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের ইসলাম খাঁ গ্রুপের সাথে বিরোধ চলছিল। গতকাল দিবাগত রাতে দুইপক্ষের মধ্যে মারামারি হয়।

আজ সকালে ইসলাম প্রামানিক গ্রুপের লোকজন লাঠি সোটা নিয়ে এলাকায় জড়ো হলে রাজা গ্রুপের লোকজন তাদের উপরে হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বাড়ি ভাঙচুর করে। এ সময় গুলিতে গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

—জা.অর্থনীতি/এনজে