অনলাইন থেকে বীজ সংগ্রহ করে হাকিমপুরে জিরা চাষে সাফল্য

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের সীমান্তঘেষা হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ী গ্রামের কৃষক হামিদুর রহমান অনলাইনের মাধ্যমে বীজ সংগ্রহ করে প্রথমবারের মতো জিরা চাষ করে ভালো ফলন পেয়েছেন।

মাত্র ২ শতাংশ জমিতে চাষ করে তিনি প্রায় সাড়ে ৩ কেজি জিরা উৎপাদন করেছেন, যা এলাকায় নতুন সম্ভাবনার দিক উন্মোচন করেছে।

কৃষক হামিদুর রহমান বলেন, অনলাইনের মাধ্যমে জিরার বীজ সংগ্রহ করে চাষ শুরু করি। আমাদের এলাকায় আগে কখনো জিরা চাষ হয়নি। প্রথমবার পরীক্ষামূলকভাবে ২ শতাংশ জমিতে চাষ করে ভালো ফলন পেয়েছি।

তিনি জানান, গত ডিসেম্বর মাসে বীজ বপন করি। মাত্র অড়াই মাসে ফসল তুলেছি। দুই শতাংশ জমিতে মোট ১২০০ টাকা খরচ হয়েছে। আর জিরা পেয়েছি আড়াই কেজি, যার বাজারমূল্য ১৭৫০ টাকা। বাজারের জিরার তুলনায় আমার উৎপাদিত জিরার গন্ধও অনেক ভালো। এতে আমি আরও উৎসাহ পেয়েছি, আগামীতে ১০ কাঠা জমিতে চাষ করবো।

স্থানীয় কৃষক একরামুল হোসেন বলেন, আমাদের এলাকায় এই প্রথম জিরা চাষ হয়েছে। গাছ অনেক ভালো হয়েছে, ফলনও ভালো।

আমাদের এলাকার মাটিতে এভাবে জিরা চাষ সম্ভব, এটা ভাবতেই পারিনি। আমি নিজেও আগামীতে আমার জমিতে জিরা চাষ করবো। খরচ তুলনামূলক কম, আবার ফলন পেতেও সময় কম লাগে, এটা আমাদের জন্য লাভজনক হতে পারে।

গণমাধ্যমকর্মী তাসির উদ্দিন বপ্পী জানান, অনলাইনের মাধ্যমে বীজ সংগ্রহ করে নতুন ফসল চাষ শুরু করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। সীমান্তঘেষা এই অঞ্চলে জিরা চাষ সফল হওয়ায় অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, উন্নতমানের বীজ সংগ্রহ ও সঠিক পরিচর্যার কারণে এই ফলন সম্ভব হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আগামীতেও এ ধরনের চাষ বাড়লে এলাকায় মসলা জাতীয় ফসলের নতুন সম্ভাবনা তৈরি হবে।

—জা. অর্থনীতি/এনজে